দেশে পাহাড়সম ব্যর্থতা ও অদক্ষতা ধামাচাপা দিতে বিরোধী দলকে অপপ্রচারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) জামিনে মুক্ত হয়ে সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আপনারা যে সাপ নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে। ছোবল দিয়ে সাপ পালিয়ে যাবে, আর আপনাদের মরদেহ পড়ে থাকবে। বসন্তকালে যারা কুহু কুহু গান গাইতে এসেছে, দুঃসময়ে তাদের আর পাশে পাবেন না। তারা আপনাদের বিপদে ফেলে সটকে পড়বে।”
তিনি সরকারকে সতর্ক করে বলেন, বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করুন। অতীতের স্বৈরাচারী কায়দায় আর কোনো প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করা যাবে না। দেশের জনগণ কোনো ধরনের ফ্যাসিবাদের কাছে মাথা নত করবে না এবং তা মেনেও নেবে না।
মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদের প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দর বা প্রবাসীদের সেবায় যে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল, আখতারুজ্জামানের সাহসিকতার কারণেই আজ সেখানে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। ট্রলি সংকট দূর হতে শুরু করেছে এবং নিরাপত্তার স্বার্থে গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাঁর ওপর অবিচার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।























