ঢাকা থেকে যাওয়া এক চীনা নাগরিকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা (৫৩ লাখ ৪০ হাজার থাই বাথ) মূল্যমানের অবৈধ ও অনিবন্ধিত ৮ হাজার ৯০০টি ওজন কমানোর ইনজেকশন জব্দ করেছেন থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
থাই কাস্টমস কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ঢাকা থেকে থাইল্যান্ডে পৌঁছানো ওই চীনা যাত্রীর লাগেজ সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার দুটি স্যুটকেসে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ জিএলপি-১ (GLP-1) রিসেপ্টর এগোনিস্ট শ্রেণির ইনজেকশন পিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওষুধগুলো টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার চিকিৎসায় ব্যবহৃত লিরাগ্লুটাইড ও সেমাগ্লুটাইড জাতীয় উপাদান সম্বলিত। থাইল্যান্ডে এগুলো ওজন কমানোর কাজে অবৈধভাবে বাজারজাত করার পরিকল্পনা ছিল। তবে প্রয়োজনীয় অনুমতি ও নিবন্ধিত কাগজপত্র না থাকায় ওই যাত্রীকে আটক করা হয়।
কাস্টমস ও ড্রাগ আইনে আটক ওই চীনা প্রজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে চলতি বছরের মে মাসেও ঢাকা থেকে যাওয়া আরেক চীনা নাগরিকের কাছে এই ধরনের অবৈধ ওষুধের চালান ধরা পড়েছিল।

























