পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল আজও উত্তপ্ত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিক ও পুলিশের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীম গ্রুপসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। কারখানা বন্ধের পর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের বিভিন্ন পয়েন্টে কাঠ ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করার চেষ্টা করেন। পুলিশের বাধার মুখে মূল সড়ক থেকে ছত্রভঙ্গ হলেও শ্রমিকরা আশেপাশের গলিগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
উত্তপ্ত পরিস্থিতির কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার বেশ কিছু কারখানা ইতোমধ্যে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।




















