জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের মেয়াদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে প্রেরণের এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি জানান, পুলিশের রিমান্ড জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর সাবেক খতিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর তাকে গ্রেপ্তারপূর্বক পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, রিমান্ডকালীন সময়ে অসুস্থতা অনুভব করায় তাকে প্রথমে পুলিশ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর ২৭ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং এজাহারে নাম থাকা ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।


























