রাজধানীর ডেমরা এলাকায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। তাদের মধ্যে লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। বিচারক রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্য আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়াও, এই মামলার অন্য এক ধারায় আসামিদের আরও সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সব সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৪ নভেম্বর দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানান এবং বিকাশে টাকা পাঠাতে বলেন। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুটি লেনদেনের পর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২২ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হক তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটির বিচারিক প্রক্রিয়ায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
























