মাত্র ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দল। তবে সেখান থেকে প্রতিরোধ গড়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে খুলনা বিভাগ। মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহানের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৮০ রান।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে মিঠুন ও সোহান যোগ করেন মহামূল্যবান ১৬৭ রান। দারুণ দৃঢ়তা দেখিয়ে ১৬৯ বলে ১১৯ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন মিঠুন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৭তম শতক। অন্যদিকে অধিনায়ক সোহান দিন শেষ করেছেন ১০৪ রানে অপরাজিত থেকে। ময়মনসিংহের হয়ে বল হাতে ৪০ রানে ৪ উইকেট নেন ইয়াসিন আরাফাত।
দিনের অন্য ম্যাচে বগুড়ায় রংপুরের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৫৫ রানে ৬ উইকেট হারিয়েছে রাজশাহী। মেহেরব হাসান লড়াকু ৮২ রানে অপরাজিত আছেন। এছাড়া বরিশালে হাসান মুরাদের ঘূর্ণিজাদুতে সিলেটকে ২১৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ভালো সূচনা করেছে চট্টগ্রাম।

























