ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, উপজেলার বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ১ জন, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে ১৫ জন এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিনটি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা নিয়মিত ক্লাসে উপস্থিতি না থাকা ও পরীক্ষার্থীদের অনাগ্রহকে দায়ী করেছেন। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল আলম জানান, এই ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম খান জানান, বোর্ডের অধীনে শূন্য পাস করা ১৯টি প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
























