ময়মনসিংহের গৌরীপুরে আসাদুজ্জামান টিপু (২৫) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। শনিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গয়েশখিলা এলাকায় মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনে টিপুর সন্দেহজনক চলাফেরার খবরে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত টিপু উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের ছেলে।
এ ঘটনায় রোববার (১ নভেম্বর) এসআরবি-১৪ এর নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, অস্ত্র আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
























