বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া ক্রিকেট সিরিজ নিয়ে এখনো নিশ্চিত কোনো সূচি হয়নি। ২০২৫ সালে নির্ধারিত এই সিরিজটি রাজনৈতিক কারণে স্থগিত হয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও তা মাঠেড়ায়নি। কবে দুই প্রতিবেশী দেশের এই ক্রিকেট লড়াই শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের কাছেও।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সবাইকে জানানো হবে।
এদিকে ভারত সিরিজের অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ বিষয়ে দুই বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের জুনের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন তামিম ইকবাল। এ ধরনের সিরিজ দলের তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং খেলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

























