বিদেশ ভ্রমণের ক্ষেত্রে টিকিট বুকিংয়ের দীর্ঘ ঝামেলা ও আন্তর্জাতিক লেনদেনের সীমাবদ্ধতা কমাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে ভারত। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিশ্বখ্যাত বুর্জ খলিফার ‘অ্যাট দ্য টপ’ পর্যবেক্ষণ কেন্দ্র এবং সিঙ্গাপুরের জনপ্রিয় পর্যটন আকর্ষণ ‘ইউনিভার্সাল স্টুডিওস’-এর প্রবেশ টিকিট সরাসরি ভারতের ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) ব্যবহার করে অনলাইনে কেনা যাবে। তবে নতুন এই ডিজিটাল পেমেন্ট সুবিধাটি মূলত ভারতীয় পর্যটক ও ভারতীয় ব্যাংকিং গ্রাহকদের উদ্দেশ্যেই চালু করা হয়েছে। ফলে বাংলাদেশ থেকে যাওয়া সাধারণ পর্যটকরা নিজেদের স্থানীয় ব্যাংক হিসাব, বিকাশ বা নগদের মতো এমএফএস সেবার মাধ্যমে সরাসরি এই সুবিধা নিতে পারবেন না।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ‘এনআইপিএল’-এর অংশীদারত্বের মাধ্যমে এই বৈশ্বিক বুকিং সুবিধা চালু করা হয়েছে। ইউএইতে বুর্জ খলিফার টিকিট বিক্রির জন্য স্থানীয় পেমেন্ট গেটওয়ে নিওপে ও ইমার এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে এনআইপিএল, যা দেশটিতে কোনো দর্শনীয় স্থানের অনলাইন প্রবেশমূল্য পরিশোধে প্রথম ইউপিআই সংযোজন। একইভাবে সিঙ্গাপুরের রিসর্টস ওয়ার্ল্ড সেন্টোসায় ফোমো পে-এর সহযোগিতায় ইউনিভার্সাল স্টুডিওস, সিঙ্গাপুর ওশেনারিয়াম এবং অ্যাডভেঞ্চার কোভ ওয়াটারপার্কের টিকিট ইউপিআইয়ের মাধ্যমে কেনার সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্তির সীমাবদ্ধতা স্পষ্ট। ভারতের অর্থ মন্ত্রণালয় এবং এনপিসিআই নিশ্চিত করেছে, এই সুবিধা কেবল সক্রিয় ইউপিআই নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংকিং কিংবা বিকাশ-নগদ ইউপিআই ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযুক্ত নয়, তাই বাংলাদেশ থেকে ইউএই বা সিঙ্গাপুর ভ্রমণকারীদের আগের মতোই আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ড (ডুয়েল কারেন্সি) অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইটের অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক পেমেন্ট মেথড ব্যবহার করেই টিকিট কিনতে হবে। তবে কোনো বাংলাদেশি নাগরিকের যদি বৈধ ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সঙ্গে সংযুক্ত কার্যকর ইউপিআই আইডি থাকে, তবে প্ল্যাটফর্মের শর্তাবলি পূরণ সাপেক্ষে তিনি এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের অন্তত ১০টি দেশে বর্তমানে ইউপিআইভিত্তিক আর্থিক লেনদেন সচল রয়েছে। এই তালিকায় রয়েছে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও গ্রিস। এছাড়া মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানও ১১তম দেশ হিসেবে এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে ২০২৪ সালের শুরুতে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের অনলাইন টিকিট ক্রয়েও একই ধরনের ইউপিআই পেমেন্ট সুবিধা চালু করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ডিজিটাল লেনদেনের পরিধি বাড়িয়েছিল ভারত।


























