রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে জুনিয়র বন্ধু দীপের সঙ্গে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সামনে দীপের সঙ্গে হাত মিলিয়ে আলাদা মোটরসাইকেলে তারা রওনা হচ্ছেন। পরবর্তীতে ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে নদী পুলিশ তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে। পকেটে থাকা আইফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।
ঘটনার পর মোহাম্মদপুরের বাবর রোড থেকে তাহসিফের বন্ধু দীপকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পিবিআইকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন এলাকা থেকে তাহসিফের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, দুর্বৃত্তরা ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তবে নিহতের বাবার দাবি, তার ছেলে দক্ষ সাঁতারু ছিলেন; ফলে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়টি রহস্যজনক এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


























