বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে তাহসিফের বাবা উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগে মামলা দায়ের করার পরপরই দীপকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা না হলেও ঘটনার দিন শেষ সময় পর্যন্ত তাহসিফের সঙ্গে অবস্থান করায় দীপকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্তভার গ্রহণ করেছে নৌ-পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর একটি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।


























