চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ১২ শতাংশ। সারাদেশে মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ ধরনের শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, অর্থাৎ এবার শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। প্রতিবারের মতো এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ, বিপরীতে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ।
বোর্ডভিত্তিক ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। দেশব্যাপী ২ হাজার ৬৯১টি কেন্দ্রে গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয়েছিল গত ৯ সেপ্টেম্বর।
























