রাজশাহীতে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম শান্ত রাজশাহীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো. বাদশার ছেলে।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে রাজশাহীর বাঘা থানায় শান্তর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায়ের পর থেকেই আত্মগোপনে ছিলেন শান্ত। গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
























