দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ ও ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬৭ হাজার ২০০ টাকা।
শনিবার সকালে ৪২ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বিওপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে বিজিবি জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক এত তথ্য নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্তকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি কঠোর নজরদারি বজায় থাকবে।

























