সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। পরবর্তীতে মরদেহগুলো নিহতদের গ্রামের বাড়ি নাটোর ও নওগাঁয় নিয়ে যাওয়া হবে।
গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় স্মরণকালের ভয়াবহ আগুনে মোট ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এর মধ্যে প্রথম দফায় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল।
বাকি সাতজনের শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় সে সময় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হলো।
























