অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বিগ ব্যাশ লিগে এখনো মাঠে নামেননি মুস্তাফিজুর রহমান, তবে তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিতে তৈরি হয়েছে বিপুল উচ্ছ্বাস। কাটার মাস্টারের আগমনকে স্মরণীয় করে রাখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ গ্যালারি বা ফ্যান জোনের ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস।
মেলবোর্ন রেনেগেডস কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগের নাম দিয়েছে ‘দ্য ফিজ বে’। আগামী ১ ও ১৬ জানুয়ারি এমসিজিতে অনুষ্ঠিতব্য রেনেগেডসের দুই ম্যাচে বাংলাদেশি সমর্থকরা নির্দিষ্ট এই জোনে জড়ো হয়ে মুস্তাফিজ ও দলকে সমর্থন জানাতে পারবেন। প্রবাসীদের উৎসাহিত করতে টিকিটেও রাখা হয়েছে বিশেষ ছাড়; নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিটে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ ইনজুরিতে ছিটকে পড়ার পর অভিজ্ঞ মুস্তাফিজকে দলে টানে রেনেগেডস। দলটির প্রধান কোচ লুক রনকি আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং ও স্লোয়ার-কাটারের অভিজ্ঞতা দলটিকে ডেথ ওভারে দারুণ শক্তি জোগাবে।
বর্তমানে আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকায় দুবাই ক্যাপিটালসের খেলা শেষ করেই মেলবোর্ন রেনেগেডসে যোগ দেওয়ার কথা রয়েছে ‘দ্য ফিজ’-এর। তবে মাঠে বল গড়ানোর আগেই মুস্তাফিজকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিটির এই ব্যতিক্রমী বিপণন উদ্যোগ বেশ নজর কেড়েছে।























