ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলনের পর সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কিছু বিক্ষোভকারী ইটপাটকেল নিক্ষেপ করে শিল্প পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়া ও সাভার এলাকার ১ হাজার ৮৬৩টি পোশাক কারখানার মধ্যে নিরাপত্তার স্বার্থে ও অস্থিতিশীলতার আশঙ্কায় প্রায় ৭০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। বাকি সব কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে। অরাজকতা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
























