বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর জোরদার ও সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালেই বাংলাদেশ-চীন সম্পর্কের শক্ত ভিত্তি স্থাপিত হয়েছিল। দীর্ঘ সময় ধরে দুই দেশের জনগণের হৃদয়ে এ সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বৈঠকে চীনা মন্ত্রী লিউ হাইশিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রিমিয়ার লি ছিয়াংয়ের উষ্ণ শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। তিনি আশ্বাস দেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে চীনের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশে অবস্থানরত ১৩ লাখ রোহিঙ্গা সংকট দ্রুত নিরসনে চীন-বাংলাদেশ যৌথ ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।























