শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে রাজধানীর নিউ মার্কেট থানার আলোচিত টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন।
তিনি জানান, তাকে আজই আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ব্রিফিংয়ে পুলিশ জানায়, টিটন হত্যা মামলায় তার সরাসরি সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে, রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
উল্লেখ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ অন্তত ২২টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান মোস্ট ওয়ান্টেড তালিকার এই শীর্ষ সন্ত্রাসী। সরকারের উচ্চপর্যায়ের কঠোর নির্দেশনার ফলে গত এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল এবং তার দেশত্যাগ রোধে পাসপোর্ট ব্লক করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের একাধিক আলোচিত অপরাধকাণ্ডে তার নাম উঠে আসে। সে সময় কিছুদিন তিনি সুইডেনে পালিয়ে ছিলেন এবং পরবর্তীতে দেশে ফিরে আসার পর ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি লাভ করেন।

























