প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করেন।
প্রতিনিধি দলটিতে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেশের সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সেদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন।
তারই ধারাবাহিকতায় দেশের সংকট উত্তরণে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপ শুরু করলেন প্রধানমন্ত্রী।
আজকের এই সংলাপে এনসিপির পক্ষ থেকে কী ধরনের প্রস্তাবনা তুলে ধরা হবে, সে বিষয়ে গত রোববারই সাংবাদিকদের আভাস দিয়েছিলেন নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, তারা মূলত জানতে চাইবেন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্টভাবে কী ভাবছেন।
নাহিদ ইসলাম আরও যোগ করেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেব—জাতীয় ঐক্যের অবশ্যই একটি সুস্পষ্ট ভিত্তি ও রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। বিগত দিনে যারা জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের ক্ষমা চাওয়ার মাধ্যমে এই জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে জনগণ আশ্বস্ত হয়। এই প্রক্রিয়ার সবচেয়ে বড় ধাপ হতে হবে সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং নতুন সংবিধান সংশোধন পরিষদের শপথ গ্রহণ।’





















