বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের তুলনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষাণ। সম্প্রতি গোয়ার পানাজিতে আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এ উপস্থিত হয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। এক সাংবাদিক তাঁকে দেখতে মিঠুন চক্রবর্তীর মতো লাগছে বলে মন্তব্য করতেই মজার ছলে নিজের পুরোনো অভিজ্ঞতার কথা তুলে ধরেন রবি।
রবি কিষাণ জানান, একসময় মানুষ তাঁকে ‘গরিবের মিঠুন’ বলে ডাকতেন। তাঁর এই মন্তব্য মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে ওঠে। অভিনেতার এমন রসিকতাপূর্ণ বক্তব্যে নেটমাধ্যমেও তৈরি হয়েছে কৌতূহল।
তবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রবির এই তুলনা একেবারে নতুন নয়। এর আগেও নিজের প্রিয় অভিনেতা মিঠুনকে নিয়ে ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন তিনি। রবি জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তীর অভিনয় ও ব্যক্তিত্ব তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। এমনকি একসময় তিনি মিঠুনের মতো হাঁটাচলা করার চেষ্টা করতেন। লম্বা চুল রাখতেন এবং নিজের চলাফেরার মধ্যেও প্রিয় তারকার ছাপ রাখার চেষ্টা করতেন।
এক সাক্ষাৎকারে রবি বলেছিলেন, তিনি মিঠুনদার ভীষণ বড় ভক্ত ছিলেন। ছোটবেলা থেকেই মিঠুনের অভিনয় তাঁকে আকৃষ্ট করত। প্রিয় তারকার স্টাইল অনুসরণ করাও ছিল তাঁর অভ্যাসের অংশ।
উল্লেখ্য, এবারের IFFI অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কার্তিক আরিয়ান, সাই পল্লবী ও রবি কিষাণ। অনুষ্ঠানে সাই পল্লবীকে ঘিরেও দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও পরিচিত মুখ রবি কিষাণ। সম্প্রতি তাঁর বিভিন্ন সাক্ষাৎকারের মজার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর এই পুরোনো স্মৃতিচারণও নতুন করে আলোচনায় এসেছে।
মিথুন চক্রবর্তীর প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন রবি। আর ‘গরিবের মিঠুন’ মন্তব্যটি যে তাঁর কাছে নিছক অপমান নয়, বরং প্রিয় অভিনেতার সঙ্গে জড়িয়ে থাকা এক মজার স্মৃতি—সেটিই যেন ফুটে উঠেছে তাঁর কথায়।






















