পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নুর আলমকে (৩৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ঢাকার আশুলিয়া নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তেঁতুলিয়া থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার নুর আলম জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে নুর আলমের দোকানে চকলেট কিনতে যায়। এ সময় বিভিন্ন লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
বাড়িতে ফিরে শিশুটি তার পরিবারকে পুরো বিষয়টি জানালে স্বজনরা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি নুর আলম পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানের মাধ্যমে শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া নবীনগর এলাকা থেকে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।























