ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয়ের পাশাপাশি ঘুরে বেড়াতেও ভালোবাসেন তিনি। বিভিন্ন সময়ে ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার ছেলেকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের হলিউড ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন তিনি।
ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন। এবারের ভ্রমণে ঘোরাঘুরিই তাঁদের মূল পরিকল্পনা। চলতি বছরে এটি শাবনূরের দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনি থেকে উড়োজাহাজে করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান তিনি। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও এবারই প্রথম তাঁর লস অ্যাঞ্জেলেস যাওয়া।
হলিউড নিয়ে একসময় বেশ আগ্রহ ছিল এই অভিনেত্রীর। তাই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে না গিয়ে প্রথমেই বিখ্যাত হলিউড সাইন দেখার ইচ্ছা হয় তাঁর। ছেলেও মায়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর মা-ছেলে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা বিখ্যাত হলিউড সাইন ও আশপাশের এলাকা।
হলিউড ঘুরে মুগ্ধ শাবনূর। প্রথম আলোর সঙ্গে আলাপকালে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, জায়গাটি বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। সেখানে কীভাবে শিল্পকে লালন করা হচ্ছে, তা দেখে ভালো লেগেছে। সারা দিন অসংখ্য মানুষ হলিউড সাইনকে পেছনে রেখে ছবি তুলতে আসেন। তাঁর ভাষায়, সরাসরি না এলে জায়গাটির সৌন্দর্য অনুমান করা কঠিন।
অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরও কয়েকটি জায়গা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর।
এরপর লন্ডনে যাবেন এই অভিনেত্রী। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন ঘোরাঘুরি করে যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন কাটিয়ে আবার সিডনিতে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
যুক্তরাষ্ট্রে শাবনূরের পরিচিত ও আপনজনের সংখ্যাও কম নয়। এ প্রসঙ্গে তিনি জানান, দেশটিতে গেলে মৌসুমী, অমিত হাসানের পরিবারসহ পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে আড্ডা ও ঘোরাঘুরিতে ভালো সময় কাটে তাঁর।
ছেলেকে নিয়ে শাবনূরের হলিউড ভ্রমণের এসব মুহূর্ত ইতিমধ্যে ভক্তদের আগ্রহ তৈরি করেছে।


























