চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫), একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।
নৌ পুলিশ জানায়, গ্রেপ্তاری পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বলে জানা গেছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য এবং টহলের ভিত্তিতে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

























