ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দেরহাট বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় উদ্ধারকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

























