ঝালকাঠির কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হানের আকস্মিক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে থানা ভবনের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে কাঁঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে থানা সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সমাবেশে বিক্ষোভকারীরা জানান, দায়িত্ব পালনে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে আসছিলেন ওসি মো. আবু নাছের রায়হান। বিশেষ করে পারিবারিক ও স্থানীয় বিরোধ মামলায় রূপ নিতে না দিয়ে থানায় বসে সুরাহা করা, চুরি-ডাকাতি রোধ এবং অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন। তাঁর কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসির বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে একই পদে বহাল না করা হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. নেহার খানমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী লাকি বেগম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।


























