বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মের জায়গা নিতে পারে ইসলাম। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই অনুসারীর সংখ্যায় বিশ্বে শীর্ষস্থানে উঠে আসতে পারে মুসলিম জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিমদের বৃদ্ধির হার বেশি হওয়ায় একপর্যায়ে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। গবেষণায় উঠে এসেছে, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা হতে পারে ২৫২ কোটি। অর্থাৎ, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালেই অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে পেছনে ফেলতে পারে ইসলাম।
২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিম ২০২ কোটি। পিউ রিসার্চ সেন্টারের ১৮ নভেম্বর প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন ও বিস্তারের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালিত হয়েছে। গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন মানুষ। গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং সমাজের ওপর এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এসব পূর্বাভাস ভবিষ্যতের সব পরিবর্তনের নিশ্চয়তা দেয় না। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন মানুষের ধর্মীয় পরিচয় ও জনসংখ্যার গতিপ্রকৃতিতে প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। জনসংখ্যা বৃদ্ধিতে এটিই অন্যতম প্রধান ভূমিকা রাখছে। পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দিয়েছেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অর্থাৎ, সন্তান জন্মদানের হারে মুসলিমদের পরেই রয়েছেন খ্রিষ্টান নারীরা। সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা পরবর্তী প্রজন্মে স্থিতিশীল রাখতে একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন বলে মনে করেন জনসংখ্যাবিদেরা। সেই হিসাবে মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর সন্তান জন্মদানের হার এ সীমার ওপরে রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনেও পিউর এই পূর্বাভাসের বিষয়টি উঠে এসেছে। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, শুধু ধর্মান্তর নয়, বরং বেশি সন্তান জন্মদান এবং তুলনামূলক কম বয়সী জনগোষ্ঠীই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তথ্যসূত্র: পিউ রিসার্চ সেন্টার, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
























