ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এই ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ‘মীর এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩) নামের বাসটি স্কয়ার ফ্যাশন সংলগ্ন রাস্তার পাশে পার্কিং করা ছিল। অগ্নিকাণ্ডের সময় বাসের ভেতরে এক কর্মী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে চারটার দিকে আগুন লাগার পর ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন সদস্য এই অভিযানে অংশ নেন। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসটির মালিক মো. শফিকুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বাসের ভেতরের সিট ও জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিনের বড় কোনো ক্ষতি হয়নি। তবে বাস মালিক শফিকুল ইসলামের দাবি, ছয় মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে ২১ লাখ টাকা ব্যয়ে কেনা গাড়িটি আগুনে সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে গেছে এবং তিনি এখন বড় ধরণের আর্থিক সংকটে পড়েছেন।























