বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামের একটি খাল থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির জানান, টেংরা গ্রামের এক ব্যবসায়ী খালে মাছ ধরার জালে সাপটি আটকা পড়া অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, উদ্ধারকৃত অজগরটি বন বিভাগের হেফাজতে নিয়ে তাৎক্ষণিকভাবে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, টাইগার জাকির দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী রক্ষায় কাজ করছেন এবং এ পর্যন্ত প্রায় দুই হাজার অজগর উদ্ধার করে আলোচনায় এসেছেন।


























