ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের চূড়ান্ত পরিণতি কী হবে, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে নতুন করে প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের পরিণতি কী হবে, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ট্রাম্প বলেন, ‘ইরানে জয় এখন আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এই জয় আসবে, তা অনেকটাই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা সদয় আচরণ করার চেষ্টা করছি। চুক্তিতে পৌঁছাতে এবং অনেক মানুষের প্রাণ বাঁচাতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। কিন্তু তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার মাধ্যমে আপনারা শুধু আজকের যুক্তরাষ্ট্রকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের মার্কিন নাগরিকদেরও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’
এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে চালানো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও দাবি করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি বলেন, দেশটির নিজস্ব জ্বালানি সম্পদই প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। ট্রাম্প বলেন, ‘আমরা ওই তেল ব্যবহার করি না। আমাদের ওই তেলের প্রয়োজন নেই। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দিতে আমরা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছি।’
তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।
























