অতীতের সব দূরত্ব ও অভিজ্ঞতা পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার এক গভীর অনুভূতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার মাধ্যমে এই সম্পর্ককে এক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মনে করেন। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)—এর বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল এলসিসিআই কার্যালয় পরিদর্শন করে। সেখানে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় স্পিকার প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন।
স্পিকার বলেন, তার এই পাকিস্তান সফর অত্যন্ত স্মরণীয় এবং দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের উষ্ণ অভ্যর্থনা অত্যন্ত প্রশংসনীয়। দুই দেশের সম্পর্ককে গতিশীল করতে ব্যবসায়ী সম্প্রদায়ের সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং লাহোরের চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ স্থাপন, নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং পারস্পরিক বিটুবি (বিজনেস টু বিজনেস) বৈঠকের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সংসদীয় ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি এবং ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
























