ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হায়ার ছোট ছেলে ইসরায়েলের হত্যাচেষ্টার হামলা থেকে বেঁচে গেছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস।
শুক্রবার (২৭ নভেম্বর) হামাসের এক জ্যেষ্ঠ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে স্কাই নিউজ অ্যারাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে ছয় ফিলিস্তিনি আহত হন।
হামাস নেতা বাসিম নাইম ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে জানান, খলিল আল-হায়ার ছেলে ও তার পরিবারের সদস্যরা ইহুদিবাদীদের হত্যাচেষ্টা থেকে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, খলিল আল-হায়ার ছেলেদের মধ্যে বর্তমানে মাত্র একজন জীবিত রয়েছেন। তার অন্য চার ছেলে এর আগের বিভিন্ন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। চলতি বছরের মে মাস এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে দোহায় বৈঠকে অংশ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় তাদের কয়েকজন নিহত হন।
গত এক সপ্তাহে ইসরায়েল হামাসের একাধিক শীর্ষ নেতাকে টার্গেট করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন হামাস নেতারা।
























