নীতি-সংলাপ, গবেষণা, উদ্ভাবন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অর্থনীতি বিভাগের এক দশক পূর্তি উদ্যাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অর্থনৈতিক উৎসবের পঞ্চম আসরে জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে নীতিনির্ধারণী আলোচনা, শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপন, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক তাসমীম চৌধুরী বনহি। তিনি বলেন, এই আয়োজন কেবল বার্ষিক উদ্যাপন নয়, সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। স্কুল অব বিজনেসের সহযোগী ডিন ড. রাশেদ আল করিম অর্থনীতি বিভাগের ১০ বছরের পথচলা ও অর্জন তুলে ধরেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘জলবায়ু, জ্বালানি ও অর্থনীতি: বাংলাদেশের জন্য বাস্তবায়নযোগ্য কৌশল প্রণয়ন’ শীর্ষক আলোচনা।
এতে অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. হামিদুল হক, স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনের কর্মী অধ্যাপক সৈয়দা জারিনা হোসেন এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ও প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক মুহাম্মদ সেকান্দার খান। আলোচনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন তাসমীম চৌধুরী বনহি।
আলোচনায় ড. হামিদুল হক অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত চ্যালেঞ্জ ও ধনী-দরিদ্রের বৈষম্যের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল এবং উন্নয়নজনিত পরিবেশগত ব্যয় সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে কীভাবে বণ্টিত হচ্ছে, তা বিবেচনার গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক সৈয়দা জারিনা হোসেন নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি ব্যবহারের মধ্যে সম্পর্ক তুলে ধরে স্থাপত্য নকশা ও নগর পরিকল্পনায় জ্বালানি দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। জ্বালানি সাশ্রয়ী নির্মাণসামগ্রী, প্রাকৃতিক বায়ু চলাচল, প্রাকৃতিক উপায়ে ভবন শীতল রাখা, ছাদে সৌরবিদ্যুৎ এবং বৃষ্টির পানি সংরক্ষণকে টেকসই নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন তিনি।
অধ্যাপক মুহাম্মদ সেকান্দার খান জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি জাতীয় আয়, মোট দেশজ উৎপাদন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মদক্ষতার ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোকে শুধু পরিবেশগত অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কৌশল হিসেবেও বিবেচনার আহ্বান জানান আলোচকেরা।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, উপাত্তবিজ্ঞান ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরেন। বিদ্যুতের ব্যবহার সর্বোত্তম করা, জ্বালানির অপচয় কমানো এবং বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
























