চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর সাম্প্রতিক হামলাকে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এর বিরুদ্ধে বিএনপি ও দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে জনগণ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করবে না। যারা মনে করছেন বর্তমান সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে চলে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় রাজপথে সক্রিয় থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ও অঙ্গসংগঠনের কর্মীরা আজও সমানভাবে ঐক্যবদ্ধ। বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাই গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা সবার দায়িত্ব।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাঈদ আল নোমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তাঁর ওপর চালানো হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।























