যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ হ্যাক করেছে সাইবার হামলাকারীরা। এই সাইবার হামলার ফলে সামরিক কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার সংবেদনশীল তথ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তবে কারা এই হামলার পেছনে রয়েছে কিংবা কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির উন্নয়ন ও হালনাগাদ কার্যক্রম পরিচালনার সময় হ্যাকিংয়ের এই বিষয়টি প্রথম শনাক্ত হয়। এরপর থেকে ক্লাউড ওয়ানের বিভিন্ন নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা কার্যক্রম নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবে তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষায় নিয়মিতভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি কার্যক্রম পরিচালনার একক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছিল। এতে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের ক্লাউড অবকাঠামো ব্যবহার করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, বেতন, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম এর মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে।
প্ল্যাটফর্মটিতে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাও রয়েছে, যার মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ও অন্যান্য তথ্য একত্র করা হয়। এ ছাড়া থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেমের মাধ্যমে বিশ্বের ২০০টির বেশি স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের অবস্থান ও হিসাব রাখা হয়। হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়নে যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার বাহিনী সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে। হ্যাকিংয়ের ঘটনার পর বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে এবং ক্লাউড ওয়ানে নতুন অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

























