বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষাকে আরও আনন্দময় ও কর্মমুখী করে তুলতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সরকার চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা ও আমার কারিগরি শিক্ষা নামে নতুন বই চালু করছে। এবার শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন পাঠ্যবই হাতে পাবে। শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে প্রকৃতির পাঠশালার মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও জানান, আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার বা মিড-ডে মিল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো দ্রুত সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভায় ব্রেস্ট ফিডিং ও কিডস কর্নার, কচুয়া উপজেলার পরিদর্শন কক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করেন।






















