উপাচার্য পরিবর্তনসহ চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। প্রায় আধা ঘণ্টা পর জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি সরকার আমলে নিচ্ছে না। এ ছাড়া গবেষণা তহবিল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এসব সংকট নিরসনে বর্তমান উপাচার্যকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা।
এর আগে সংকটের সমাধান না হওয়ায় বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থার শুরু হয়। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও সংকটের সমাধান হয়নি। এর মধ্যে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
























