জুলাই বিপ্লবের পর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে জারি করা দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় সরকারের কঠোর সমালোচনা করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা বিচার বিভাগের হৃৎপিণ্ডে আঘাত করার শামিল। সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে তিনি সতর্ক করেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে হিউম্যানিটি ফাউন্ডেশন এবং ‘আইন ও বিচার’ পত্রিকা আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রতিটি সরকারই ভীত থাকে। ক্ষমতার মোহে পড়ে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান বিচার ব্যবস্থা বিচারপ্রার্থীদের আশ্রয়ের বদলে নির্যাতনের স্থানে পরিণত হয়েছে এবং ৪৭ লাখ মামলার জট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মাসদার হোসেন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করলে তার পরিণতি শুভ হবে না। তিনি বিচার বিভাগকে পদদলিত না করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। আলোচনায় বক্তারা বিচার বিভাগের পৃথক সচিবালয় কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 
























