কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুতই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। সারিবদ্ধভাবে থাকা একের পর এক দোকান গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। রাত সোয়া ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
প্রাথমিক তথ্যানুযায়ী, এই অগ্নিকাণ্ডে বাজারের প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকানের মালামাল বের করার সামান্য সুযোগও পাননি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব না হলেও এর পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















