গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন— ফলসি গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মাসুদ ফকির (৬০), তার ছেলে আমিন ফকির (৩০), মাসুদ ফকিরের স্ত্রী নজু বেগম (৫০) এবং রহমান ফকিরের স্ত্রী কামিনী বেগম (৩৫)। এদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























