রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় চার দিনের রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। গত ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ এলাকায় গুলিতে নিহত হন দেলোয়ার হোসেন। এই ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই তার স্ত্রী মোছা. লিজা মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























