বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ‘সুপ্রিম উইল’ বা সর্বোচ্চ ইচ্ছাকে সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সংসদ এই রায় গ্রহণ করুক বা না করুক, তারা জনগণের দাবি আদায় করে ছাড়বেন।
অতীতের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সহজে প্রতিষ্ঠিত হয়নি। এক সময় সংসদে তাদের উত্থাপিত বিল অগ্রাহ্য করা হলেও পরবর্তীকালে জনদাবি উপেক্ষা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, তারা চেয়েছিলেন সংসদে আলোচনার মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, কিন্তু সংসদ তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। ফলে জনগণের রায় বাস্তবায়নে তারা আবারও রাজপথে ফিরে গেছেন এবং গত শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রূপ নেবে।
দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়েও তীব্র সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জ্বালানির অভাবে পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইন ও ভোগান্তি চরমে পৌঁছেছে, অথচ সংসদে এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। সরকারের ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এই সংকট প্রকট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জ্বালানি সংকটের প্রভাব কৃষিখাতে পড়বে এবং খাদ্য সংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকার এই সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। করোনাকালে শিশুদের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতিকে অন্ধত্বের দিকে ঠেলে দেওয়ার যেকোনো সিদ্ধান্ত তারা রুখে দেবেন।
রিপোর্টারের নাম 























