রাজধানীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে কুখ্যাত ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করা হয়। রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম।
অভিযান সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ডেমরা থানার সেনোয়ারা গ্রীন পার্ক এলাকার একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগম (৩৮) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ‘হেরোইন সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ছিলেন। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া বটতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি ভবনের ভাড়াটিয়া ফ্ল্যাট থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়, যিনি স্থানীয়ভাবে ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিত।
ডিএনসি জানিয়েছে, অভিযানে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসনে আরা বেগম জানান, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে, মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ভারত সীমান্ত থেকে সংগৃহীত এসব মাদকের মূল্য হুন্ডির মাধ্যমে পরিশোধ করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, দুই আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























