এবারের ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে (১৪ মার্চ থেকে ২৮ মার্চ) সারাদেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৪৬ জন নারী এবং ৬৭ জন শিশু। বুধবার (১ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে সংঘটিত দুর্ঘটনার মধ্যে ১৪৩টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে ১১৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৯২ শতাংশ। এছাড়া, ৪৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৫ দশমিক ৭৭ শতাংশ। দুর্ঘটনায় ৩৬ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন। একই সময়ে ১১টি নৌপথ দুর্ঘটনায় ৯ জন নিহত, ২৩ জন আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ২০৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, যেখানে ৯৩টি দুর্ঘটনায় ৭৪ জন নিহত হয়েছেন। ঢাকা বিভাগে দুর্ঘটনা ১৭ দশমিক ৪২ শতাংশ এবং প্রাণহানি ২৪ দশমিক ১৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। এবারের ঈদুল ফিতরে রাজধানী ঢাকা থেকে ১ কোটির বেশি মানুষ ঘরমুখী যাত্রা করেছেন এবং দেশের অভ্যন্তরে প্রায় ৪ কোটি মানুষ যাতায়াত করেছেন বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















