পাবনার ঈশ্বরদীতে নিজেকে জেলা সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীকে সঙ্গে নিয়ে পুলিশি পাহারায় রাত্রিযাপনের সুবিধা চাইতে গিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঈশ্বরদী থানায় এই ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে প্রতারণার অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিটি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামানের কক্ষে প্রবেশ করে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন এবং ঈশ্বরদী ডাকবাংলোতে পুলিশি পাহারায় রাত কাটানোর জন্য সহযোগিতা চান। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তার পরিচয় যাচাই শুরু করে।
যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি কোনো বিচারক নন, বরং ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী, তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন এবং নৈতিক স্খলনের অভিযোগে চাকরি হারান।
ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যেতে সক্ষম হন। ওসি মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বুধবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























