বান্দরবান জেলার লামা উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাতজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজারে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন মাহমুদ করিম (৪৪), উসমান গণি (২৫), আনাস (২৪), হারাস (২০), মাহমুদ নূর (২৬), সৈয়দ হোছন (৫০) এবং শফিক (৫৫)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, রবিবার দুপুর দেড়টার দিকে ডলুছড়ি বাজারে কিছু অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নজরে আসে। এরপর সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আতিকুর রহমানকে অবহিত করা হলে পুলিশ সাতজন মিয়ানমার নাগরিককে আটক করে হেফাজতে নেয়।
মিয়ানমার নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























