নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক সোহেল রানা নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেছেন, গত শুক্রবার সকালে তার ছেলে কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সন্ধ্যার পর থেকে সোহেল রানা নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সোহেল রানার বলে শনাক্ত করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টারের নাম 

























