ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সাফল্যের দাবি করে এবার কিউবাকে পরবর্তী লক্ষ্য হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর মন্তব্য করেন। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘ কয়েক দশক ধরে প্রভাব বিস্তারকারী ইরান এখন কোণঠাসা। যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপের কারণেই দেশটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি বলে তিনি দাবি করেন।
বক্তব্যে ট্রাম্প ন্যাটোর সমালোচনা করে বলেন, তেহরানের বিরুদ্ধে লড়াইয়ে তারা ওয়াশিংটনকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। তিনি আরও দাবি করেন, মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার কথোপকথনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
কিউবা প্রসঙ্গে ট্রাম্প জানান, দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে একটি চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন তিনি। তবে চুক্তির শর্ত নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন ট্রাম্প। বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজার যখন অস্থিতিশীল, ঠিক সেই মুহূর্তেই ট্রাম্পের এমন যুদ্ধংদেহী বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























