ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় তিনি ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ প্রতিরক্ষা ব্যয় কমিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোর সুরক্ষায় প্রতি বছর ওয়াশিংটনকে শত শত বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে।
ন্যাটোর বর্তমান ভূমিকাকে একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ন্যাটোর পেছনে ব্যয় কমানো হলে যুক্তরাষ্ট্রের অনেক অর্থ সাশ্রয় হবে। তিনি প্রশ্ন তোলেন, মার্কিন প্রশাসন সবসময় মিত্রদের পাশে থাকলেও বর্তমান পরিস্থিতিতে তারা কেন যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিচ্ছে না।
এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। তিনি এই আহ্বানকে একটি ‘আনুগত্যের পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছিলেন। ট্রাম্পের মতে, যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই সহযোগিতা করা খুবই সামান্য একটি বিষয়।
মিত্রদের আচরণে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যদি তারা সংকটের সময় যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ায়, তবে যুক্তরাষ্ট্রেরও তাদের পাশে থাকার কোনো বাধ্যবাধকতা নেই।
রিপোর্টারের নাম 

























